নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ | পাওনা টাকার পরিমাণ ১৮৫ টাকা নাকি মাত্র ৩০ টাকা—এই তুচ্ছ অংকের হিসাব মেলাতে না পেরে রণক্ষেত্রে পরিণত হলো হবিগঞ্জের চুনারুঘাট। দুই পক্ষের দফায় দফায় চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার গুইবিল এলাকায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পক্ষ দাবি করে তাদের পাওনা ১৮৫ টাকা, অন্যদিকে অপর পক্ষ দাবি করে পাওনা মাত্র ৩০ টাকা। এই সামান্য অংকের টাকার তর্কের জেরে মুহূর্তেই উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনা থেকে বড় এই সংঘর্ষের সূত্রপাত হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিষয়টির আইনি তদন্ত চলছে।
মন্তব্য করুন