ক্রীড়া প্রতিবেদক | লাহোর আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজের মাধ্যমে পাকিস্তানের ড্রেসিংরুমে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক সফল অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
গত কয়েক মাস ধরে পাকিস্তানের টেস্ট কোচের পদটি শূন্য ছিল। সরফরাজকে কোচ করার গুঞ্জন অনেকদিন ধরেই চলছিল, যা অবশেষে সত্যি হলো। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই অধিনায়ককে এবার মাঠের কৌশলী হিসেবে দেখা যাবে। তার সাথে ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্বে থাকছেন উমর গুল।
শান মাসুদের নেতৃত্বাধীন এই দলে চারজন নতুন মুখকে জায়গা দিয়েছেন নির্বাচকরা। তারা হলেন— আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেলেন তারা।
পিসিবি জানিয়েছে, বর্তমানে পিএসএল নিয়ে ব্যস্ত থাকা ক্রিকেটাররা টুর্নামেন্ট শেষ করে দলের সাথে যোগ দেবেন। তবে আজান আওয়াইস, ইমাম-উল-হক এবং নোমান আলীদের মতো ৫ জন ক্রিকেটার বর্তমানে লাহোরে লাল বলের বিশেষ ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন। পুরো দলের জন্য করাচিতে ২৭ এপ্রিল থেকে বিশেষ কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে।
সফরের গুরুত্বপূর্ণ তারিখ: * ২ মে: পাকিস্তান দলের ঢাকা আগমন।
৮ মে: প্রথম টেস্ট (শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর)।
১৬ মে: দ্বিতীয় টেস্ট (সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম)।
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।
মন্তব্য করুন