বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার দুই কোটি মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন। আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, "তিস্তা নদী এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকার প্রধান উৎস। কিন্তু বছরের পর বছর ধরে নদীর ভাঙন এবং পানির অভাবে উত্তর জনপদ মরুভূমিতে পরিণত হচ্ছে। বিগত স্বৈরাচারী সরকার ভারতের আপত্তির অজুহাতে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি, যার ফলে এই অঞ্চলের মানুষ চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই তীরের ভাঙন বন্ধ হবে, কৃষি ও মৎস্য চাষে আমূল পরিবর্তন আসবে এবং উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি বলেন, "এটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার দাবি। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং ক্ষমতায় গেলে দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্প দৃশ্যমান করা হবে।"
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বর্তমান সরকারের কাছেও দ্রুত এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরুর দাবি জানান।
মন্তব্য করুন