নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে দিনে-দুপুরে ফিল্মি কায়দায় এক বিকাশ এজেন্টের কর্মীকে পিস্তল ঠেকিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে প্রায় ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ মহাসড়কের লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ওই কর্মীর নাম রনি (৩৪)। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।
ভুক্তভোগী রনি জানান, দুপুরে তিনি টাকা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তি হঠাৎ তার পথরোধ করে। একজন সামনে থেকে তার গলা চেপে ধরে এবং অন্যজন পেছন থেকে জাপটে ধরে তাকে স্থবির করে ফেলে। মুহূর্তের মধ্যেই সামনে থাকা ব্যক্তিটি তার গায়ে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে।
প্রাণভয়ে রনি বাধা দিতে না পারলে ছিনতাইকারীরা তার কাছে থাকা ব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয়। ব্যাগে নগদে ২ লাখ ৯৯ হাজার টাকা ছিল।
টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পরপরই পেছন থেকে একটি মোটরসাইকেল নিয়ে তাদের আরেক সহযোগী এসে হাজির হয়। ছিনতাইকারীরা মোটরসাইকেলে ওঠার সময় রনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এই সুযোগে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান:
"আমরা গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছি। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন